শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

২০ হাজার ২৮৮টি বৈধ অস্ত্র এখনও জমা পড়েনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার কড়াকড়ি আরোপ করে। এই উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে মোট ২৭,৯৯৫টি লাইসেন্সভুক্ত অস্ত্র জমা পড়েছে। তবে ব্যক্তির নামে মোট ৪৮,২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হলেও এখন পর্যন্ত ২০,২৮৮টি অস্ত্র জমা পড়েনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা এই আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগেই মন্ত্রণালয় ১৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছিল যে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

প্রজ্ঞাপন বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। জানাগেছে, জমা না হওয়া অস্ত্রগুলোর মধ্যে বেশি অংশই সেইসব অস্ত্র, যেগুলো আওয়ামী লীগের শাসনকালীন সময়ে লাইসেন্সপ্রাপ্ত ছিল। এসব অস্ত্রের মালিকদের মধ্যে অনেকে বিদেশে চলে গেছেন, আবার অনেকেই দেশের ভেতরে গা ঢাকা দিয়ে রয়েছেন।

মঙ্গলবার পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, যে কোনো অস্ত্রই ঝুঁকি তৈরি করতে পারে; বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে, তাই তা মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাধীন ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আগামীর নির্দেশনার যথাযথ বাস্তবায়ন ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন