প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়কে থাকা অভিনন্দনসূচক বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আটিকুর রহমান রুমন।
প্রেস সচিব রুমন বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে তাঁর ছবি সংবলিত একটি ব্যানার দেখেন এবং তা সরিয়ে ফেলার নির্দেশ দেন। নির্দেশ দেওয়া মাত্রই ওই ব্যানার তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হয়।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর ছবি প্রদর্শিত হচ্ছে—এসব দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। রুমন বলেন, ‘‘কয়েকদিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী একটি এলইডি বোর্ডে অভিনন্দনমূলক ছবি দেখে তখনই অপসারণের নির্দেশ দিয়েছিলেন।’’
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে কাজ করেছেন; তিনি সকাল ৯টা ১০ মিনিটে অফিসে পৌঁছান।





