বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করার জন্য আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর আদালতে এই আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য চাইং মারমার বাবা উসাইমং মারমা।

মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন— সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের। এ ছাড়াও, প্রতিরক্ষা সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার ও গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকুসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামও মামলা সূত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রিন্সিপাল মাসুদ আলম এবং স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবীকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাদীর আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। আরও জানান, বিচারক ইতোমধ্যে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলাটি সম্পূর্ণ করার জন্য আদেশের অপেক্ষায় রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন