বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

চলতি অর্থবছরের ১১তম ও সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকেই এই অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্রে বলা হয়েছে, প্রকল্পটি সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। একনেকের ব্রিফিংয়ে মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, পদ্মা ব্যারেজের দাবি ১৯৬০-এর দশক থেকে ওঠে—ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই প্রকল্পের গুরুত্ব আরও বেড়ে যায়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় বিএনপি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল এবং শাসন গঠনের পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ভারতের সঙ্গে এ প্রকল্প নিয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশে অভ্যন্তরীণ একটি বিষয়। তবে তিনি যোগ করেন যে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের নানা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরকার কীভাবে কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে, তদনুযায়ী সময়সূচি ও বাস্তবায়ন নীতিও ঘোষণা করা হবে বলেও জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন