চট্টগ্রামের শিল্প ও নৌখাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলায় তাদের সফরসূচির অংশ হিসেবে তারা ড্রাই ডকে পৌঁছান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা, চলমান কাজকর্ম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা খতিয়ে দেখেন। বিস্তারিতভাবে ঘুরে দেখা হয় ড্রাই ডকের জেটি, নির্মাণাধীন প্রকল্পসমূহ এবং অবকাঠামোগত ব্যবস্থাসমূহ।
পরিদর্শনকালে মন্ত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (হারবার ও মেরিন)-এর সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।