বিএনপি মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাবে না। তিনি বলেন, ১৯৭১ সালে এই সংগঠন স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা এবং নারীদের ওপর নির্যাতন করেছে—এই কারণে নাগরিকরা তাদের কখনো ক্ষমতায় দেবে না।
বুধবার (২০ মে) ঠাকুরগাঁওর শিবগঞ্জের পরিত্যক্ত বিমানবন্দর মাঠে জেলা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে এলজিআরডি-মন্ত্রী পরিত্যক্ত বিমানবন্দরটি ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিন মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে উপস্থিত মানুষ উল্লাসে ফেটে পড়েন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে তাদের বরণ করে নেয়। লাল গালিচায় সাজানো এই রাজকীয় সংবর্ধনায় তিন মন্ত্রিই এলাকাবাসীর আন্তরিক স্নেহে অভিভূত হন।
মির্জা ফখরুল বলেন, ‘‘একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো?’’ এ কথা বললে উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে ওঠে—‘‘জামায়াতে ইসলামী।’’ মন্ত্রী তখন জোরে জোরে বলেন, ‘‘নামটা জোরে বলতে হবে। মিথ্যা বলা ও ধর্মের নামে অপব্যবহার করে এই দেশকে পরিচালনা করা যাবে না। সত্য বলে, সততার সঙ্গে রাজনীতি করতে হবে।’’
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।