মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিক্তা হত্যার মামলার দুই পলাতক আসামিকে র‌্যাব-৬ গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলোচিত রিক্তা আক্তার হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হলো মামলায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি জুয়েল মীর (২৮) ও ৪ নম্বর আসামি রীবা বেগম (৪৭)।

র‌্যাব-৬ এক প্রেস রিলিজে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি দল গতকাল সোমবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী বাজার ও ভাট্রাইধোবা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করে। কাশিয়ানী বাজার থেকে জুয়েল মীরকে রাত ১০টা ৫০ মিনিটে এবং ভাট্রাইধোবা এলাকা থেকে রীবা বেগমকে রাত ১টা ৫০ মিনিটে আটক করে র‌্যাব।

রিপোর্টে বলা হয়েছে, জুয়েল মীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জালাল মীরের ছেলে এবং রীবা বেগম একই পরিবারের সদস্য; রীবা জালাল মীরের স্ত্রী। উভয়েই বোয়ালমারী উপজেলার নাগরিক। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, নিহত রিক্তা আক্তারের সঙ্গে জুয়েল মীরের সম্পর্ক স্বামী-স্ত্রীর। অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুক দাবিসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একমাত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও সংসার চালিয়ে যাচ্ছিলেন রিক্তা।

অভিযোগ অনুযায়ী, নির্যাতনের এক পর্যায়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ রিক্তা আক্তারের অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঘটনার পর তার বোনের স্বামী হাফেজ আকরাম মাতব্বর ফরিদপুরের বোয়ালমারী থানায় জুয়েল মীর, রীবা বেগমসহ কয়েকজনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উভয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন