ভোলা পৌরসভার এক তরুণী মিতুর মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুন সকাল সাড়ে ১১টার দিকে ভোলা পৌরসভার উত্তরপাড়া এলাকায় একটি পাঁচতলার ফ্ল্যাটের পূর্ব পাশের রুমে খাটের ওপর সুমাইয়া আক্তার মিতু (২২)-কে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
মৃতের পিতা মো. বশির আহমেদ ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় রুজু করা হয়।
পুলিশ জানিয়েছেন, মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৮-এর সহায়তায় গত ১৭ জুন রাত আনুমানিক একটার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামি — মো. সোহাগ (২৭), মোছা. কহিনুর বেগম (৫৫) এবং মো. মুলা আক্তার (২৭) — গ্রেপ্তার করা হয়।
ভোলা জেলা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।