স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। তিনি বলেন, চলমান এই উন্নয়ন কার্যক্রম ফলে তিন মাসে যে গতিশীলতা দেখা গেছে, তেমন কাজ বিগত আওয়ামী লীগের ১৫ বছরে দেখা যায়নি।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত আধুনিক মার্কেট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন রাস্তাঘাট ও সেতু নির্মাণসহ উল্লেখযোগ্য অবকাঠামো কাজ ইনশাআল্লাহ সম্পন্ন হবে, যা জনদুর্ভোগ কমাবে এবং স্থানীয় অর্থনীতি প্রাণবন্ত করবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার কর্তৃক অর্থায়িত গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে নির্মাণকাজ ২০২৪ সালের ১ জুলাই শুরু হয়। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক মার্কেট ভবন কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড সফলভাবে সম্পন্ন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভবেরচর আধুনিক মার্কেট ভবনের উদ্বোধনের পরে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের ২ হাজার মিটার পর্যন্ত পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে কাজের লক্ষ্য ও সময়সূচি নিয়ে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া মন্ত্রী রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর নির্মিতব্য নতুন সেতুর প্রস্তাবিত স্থল পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি, নিরাপত্তা ও মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উন্নয়নমূলক প্রকল্পগুলো থেকে সুবিধা বাড়বে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন।