সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী আগস্ট মাসের মধ্যে ঢাকা—পাবনা রুটে সরাসরি ট্রেন চালু করা হবে। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউসে সরকারি কর্মকর্তারা ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, লোকোমোটিভগুলো ইতোমধ্যে প্রস্তুত আছে এবং কিছু কোচ আগামী মাসে দেশে পৌঁছবে। কোচ পেলেই প্রথম পর্যায়ে আমরা দুটি রুট চালু করব—প্রথমটি ঢাকা—পাবনা এবং পরবর্তীটি ঢাকা—খুলনা।
তিনি আরও বলেন, ‘‘আমি খুলনার মানুষ হলেও ঢাকা—পাবনা রুটকে অগ্রাধিকার দিয়েছি, কারণ সেখানকার মানুষের যাতায়াতের চাহিদা বেশি। তাই প্রথমে পাবনাকে আমরা প্রশ্রয় দিচ্ছি, পরবর্তীতে খুলনাও চলমান হবে।’’
পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও জনসেবার স্বার্থে পরিবহন খাত সুসংগঠিত করা জরুরি। এ কাজে মালিক ও শ্রমিক—দুই পক্ষই সরকার থেকে সহযোগিতা পাচ্ছে। বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণে মালিক ও শ্রমিক সংগঠনগুলোও পরিবর্তন, শৃঙ্খলা ও জবাবদিহি চান।
শেখ রবিউল আলম বলেন, সরকার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বহুমাত্রিক (মাল্টিমোডাল) যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে এবং বিশ্বাস করেন এটি দ্রুত সময়ে বাস্তবায়িত হবে।
পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবি প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে গেছে; ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রস্তুত এবং গ্রহণ করা হয়েছে। পাবনাবাসীর বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় সরকার এই প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করবে। রেল, সড়ক ও নৌয়ের মাঝে সমন্বয় বাড়িয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।
সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ এর সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ এর সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।