রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতের জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

সরকার দেশের প্রবাসীদের জন্য আরও আরও সহজ, কার্যকর ও মর্যাদাপূর্ণ সেবা নিশ্চিত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এই পদক্ষেপের মাধ্যমে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয় কার্যক্রম চালানো হবে।

শনিবার (২৫ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য অভিবাসীদের বৈধ পথে বিদেশে যেতে উৎসাহ প্রদান, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা, অভিবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং ঝামেলামুক্ত ও মর্যাদাপূর্ণ সেবা প্রদান করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্রগুলোতে প্রবাসীবান্ধব সেবা ও সুবিধাগুলো সহজে গ্রহণযোগ্য করার জন্য পরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি বর্তমান সেবা প্রদান ব্যবস্থার অসুবিধা ও সীমাবদ্ধতাগুলো শনাক্ত করে, সেগুলোর সমাধানের জন্য সুপারিশ করবে।

এই কমিটির সভাপতি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, আর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা কমিটির সহসভাপতি হিসেবে থাকবেন।

সদস্যদের মধ্যে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ উইংয়ের প্রধান হিসেবে এই কমিটির সদস্য সচিব দায়িত্ব পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন