সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা বাড়িয়েছে। শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিকারকরা এখন নির্ধারিত সময়ের পরিবর্তে আগামী ৩০ জুন পর্যন্ত এই বিশেষ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক সার্কুলার জারি করে এ নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক বিদ্যমান ঋণের ক্ষেত্রে গ্রাহককে ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে আবেদন করতে হবে। পূর্বে এই সুবিধার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর ২০২৫; তবে রপ্তানি কার্যক্রমে নানা জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তাই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট গ্রাহক তার শ্রেণিকৃত ঋণের স্থিতির ২ শতাংশ পরিশোধ করে ব্যাংকে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই নির্দেশনা তাত্ক্ষণিকভাবে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে যে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংক আশা করছে, উদ্যোগটি সংকটে থাকা কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ নিয়মিত করার সুযোগ করে দেবে এবং ফলে রপ্তানি খাতের স্থিতিশীলতা ও শক্তিশালীকরণে সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন