বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেকু মেশিনের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে এবং দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালান। ওই এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল—ঘটনাস্থলে দায়িত্বশীলদের অনুপস্থিতিতে ভেকু মেশিনের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
পরবর্তীতে তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনস্বাস্থ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত নিয়ম ভাঙার অপরাধে ব্যবস্থা নেন। অপরিচ্ছন্ন পরিবেশে প্যাকেটজাতকরণ ছাড়া খোলা অবস্থায় লাচ্ছা-সেমাই বিক্রয়ের দায়ে ফটিক কনফেকশনারি ও সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের মালিকদের প্রত্যেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন। অভিযানকালে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও ধারাবাহিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’





