তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, ঈদের শিক্ষা শুধুমাত্র একদিন সীমাবদ্ধ রাখলে তা ব্যার্থ হবে—এই মূল্যবোধ আমাদের সারা বছর ধরে অন্তরে ধারণ করতে হবে। শনিবার (২১ মার্চ) সকালে বরিশালের গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে এসব বক্তব্য রাখেন।
মন্ত্রী আরও বলেন, ঈদ মানুষকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে শেখায়; যদি আমরা এই ঐক্য ও সম্প্রীতির চেতনাকে জীবনের প্রতিটি দিনে অটুট রাখি, তাহলে হিংসা ও বিদ্বেষের মতো নেতিবাচক মনোভাব সমাজ থেকে দূর হবে।
একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক চর্চা অপরিহার্য—এমনটাই তার মন্তব্য। সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করাটাও সমানভাবে জরুরি বলে তিনি বলেন।
মন্ত্রী মানুষ হিসেবে বিনয়ী হওয়া এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, যদি ঈদের শিক্ষা দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, তাহলে বৈষম্য কমে শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হবে।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে তথ্যমন্ত্রী অনাথ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ কায়েম করার আহ্বান জানান।





