দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বুধবার (২৫ মার্চ) ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং বহুজন আহত হয়েছেন। লেবাননের সরকারি সংবাদমাধ্যম, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিদনসহ কয়েকটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে নিশানা করে করা হামলায় অনেকেই গুরুতর জখম হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, আদলুনে আঘাতে চারজন প্রাণ হারিয়েছেন। মিহ মিহ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলায় দু’জন নিহত হয়েছেন এবং কমপক্ষে চারজন আহত হয়েছেন। হাব্বুশে চালানো অন্য এক হামলায় তিনজন নিহত এবং প্রায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী ওই নির্দিষ্ট হামলার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। তবে সামরিক মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে বেইরুতের দক্ষিণ উপশহরগুলোতে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে আক্রমণ বাড়ানোর কথা জানিয়েছিলেন। তিনি তীব্র হামলার আগে স্থানীয় বসবাসকারীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দেন এবং লিতানী নদী পর্যন্ত ভৌগোলিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।
লেবানন সরকার জানিয়েছে, চলমান অভিযানের ফলে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৭২ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ গৃহছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। সন্ত্রস্ত হয়ে পালিয়ে আসা এই মানুষের ঢল দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে, হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নিয়মিত রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে; গত মঙ্গলবার লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নারী নিহত হয়েছেন বলে তেল আবিব জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সীমান্ত সংর্ঘষ এখন কেবল তা পর্যন্ত সীমাবদ্ধ নেই; এটি পূর্ণাঙ্গ যুদ্ধের ভয়াবহ দিক ধারণ করতে পারে। ইসরায়েলের লিতানী পর্যন্ত বাফার জোন গঠনের পরিকল্পনা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক লোকজন ও অবকাঠামোর ওপর বাড়তে থাকা ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে। তবুও কোনো পক্ষই এখন পর্যন্ত সমঝোতার ইশারা না করায় সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।





