চট্টগ্রামের বাঁশখালীর এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজনের একজন নিহত রেহেনা বেগমের ছেলে মো. কাশেম (২৮) এবং অন্যজন তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)। নিহত রেহেনা বেগমের বয়স ছিল ৬২ বছর।
র্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীদের সঙ্গে থাকতেন। প্রবাসে থাকা বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীয়ের মাধ্যমে কাশেমকে টাকা পাঠাতেন, কিন্তু তা কাশেম মায়ের কাছে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। এ নিয়ে পরিবারে বারবার কলহ লেগেই থাকত।
সূত্র জানায়, গত বছরের ৫ জুন কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। হত্যার ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন এবং প্রায় ১০ মাস আত্মগোপনে থেকে র,্যাবের অভিযানে ধরা পড়লেন। ঘটনার পর নিহত রেহেনার ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের আইনানুগ কার্যক্রমে মামলা প্রক্রিয়া চলমান আছে।