শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিউল ইসলাম নয়নকে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে

জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার, ৩ জুন, আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার, ৪ জুন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন ওই দায়িত্বে মনোনীত হওয়ায় রবিউল ইসলাম নয়নকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকা তিনি তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এক পরিচিত মুখ। মাঠপর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতিই তাকে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করার কাজে তার ভুমিকা কেন্দ্রীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন; বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে এসব ঘটনা ঘটে। দলের অভ্যন্তরীণ নেতৃবৃন্দ মনে করেন, নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার নিয়োগ তার দীর্ঘ রাজনৈতিক পথচলার ও সাংগঠনিক পরিশ্রমের স্বীকৃতি।

তার অনুসারীরা আশা প্রকাশ করেছেন যে এই নতুন দায়িত্বে তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকরি করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পোস্টটি শেয়ার করুন