মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ধ্বংসের সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে এখন দেশে একটি সুপরিকল্পিত ও গভীর চক্রান্ত চলছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে এলাকায় বর্তমান রাজনৈতিক পরিবেশ ভয়াবহ আকার নিয়েছে এবং এতে নেতাদের চরিত্রহানির মাধ্যমে রাজনীতি ও সমাজকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বড় আন্দোলনের পর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এখন অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা শুরু হয়েছে। ‘‘সবকিছু ভেঙে, অপসারণ করে এবং নেতাদের এভাবে নীচে দেখিয়ে একটি আচার-ব্যবহারহীন নৈরাজ্য সৃষ্টির চেষ্ঠা করা হচ্ছে,’’ তিনি আরও বলেন।

তিনি সতর্ক করে জানান, নেতাদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যা সুস্থ রাজনীতির জন্য কোনো ভালো লক্ষণ নয়।

বিএনপির রাজনৈতিক আদর্শ বোঝাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দলটি একটি উদার, গণতান্ত্রিক রাজনৈতিক দল; এটি কোনো বিপ্লবী সংগঠন নয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমেই লক্ষ্যে পৌঁছাতে চায় এবং নির্বাচনের পথেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনকল্যাণে কাজ করতে আগ্রহী।

স্মরণ সভায় প্রয়াত নেতা মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, তারা এমন এক সময়ে রাজনীতি করেছেন যখন এথিক্স, নৈতিকতা ও মূল্যবোধ শাসন করত। তারা সবসময় জনগণের কল্যাণ, মানুষের সমস্যা সমাধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করার জন্য কাজ করে গেছেন।

পোস্টটি শেয়ার করুন