দেশে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের একটি ছোট সামুদ্রিক গবেষণা জাহাজ (স্মল রিসার্চ ভেসেল)। জাহাজটি সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ন ও বৈজ্ঞানিক জরিপের মূল কাজগুলোতে ব্যবহার করা হবে।
এছাড়া জাহাজটি তেল-গ্যাস অনুসন্ধান, মেরিন স্যাম্পল সংগ্রহ, হাইড্রোগ্রাফিক সার্ভে, মৎস্য ও পরিবেশ গবেষণা এবং নীল অর্থনীতিকে সমর্থনমূলক নানা কাজে নিযুক্ত থাকবে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড এই জাহাজটি নির্মাণ করছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কিল-লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই স্মল রিসার্চ ভেসেল সমুদ্রের খনিজ ও মৎস্য সম্পদ আবিষ্কার ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের নীল অর্থনীতিকে এগিয়ে নেবে।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতির চুক্তির আওতায় নির্মাণ করা হবে: ১টি স্মল রিসার্চ ভেসেল (স্যাম্পল কালেকশনের জন্য), ১টি স্বয়ংসম্পূর্ণ পন্টুন, ২টি দ্রুতগামী কেবিন বোট এবং ২৫০ মিটার দৈর্ঘ্যের জেটি ও গ্যাংওয়ে।
অনুষ্ঠানে নৌবাহিনী, খুলনা শিপইয়ার্ড ও ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্প দেশের সামুদ্রিক গবেষণা ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ঐক্যমত প্রকাশ করা হয়।