রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে অস্ত্র ও ৫৫ রাউন্ড কার্তুজসহ কেএনএ সদস্য জৌথান বম আটক

বান্দরবানের থানচি এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫৫ রাউন্ড কার্তুজসহ কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য জৌথান বম (৫৫)কে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাকে থানচি থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার শনিবার (৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তি জৌথান বম থানচি সদর পদ্ধ মৌজার শেরপা পাড়া এলাকার বাসিন্দা এবং তিনি লাল ফিয়ান বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল ২৮ জুন কেএনএ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) মিলিত একটি গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এই ঘটনায় সন্ত্রাসীরা কিছু অংশে পালিয়ে গেলেও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। তল্লাশীর এক পর্যায়ে শেরপা পাড়া থেকে জৌথান বমকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়।

আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তাকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন