গৌড় চন্দ্রের জীবন যেন দীর্ঘকাল এক কঠোর পরীক্ষার মধ্য দিয়ে গেছে। প্রায় দুই দশক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করার পর থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের তিনি দিন কাটিয়ে এসেছেন অসহায়ত্ব আর কষ্ট নিয়ে। হুইলচেয়ারের অভাবে স্বাভাবিকভাবে চলাফেরা তার কাছে ছিল দুঃসহ সংগ্রাম।
হঠাৎ দীর্ঘ ওই প্রতিক্ষার অবসান ঘটলো মঙ্গলবার, ৭ জুলাই। স্থানীয়দের জানালে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁন মানবিক উদ্যোগে গৌড় চন্দ্রকে একটি হুইলচেয়ার উপহার দেন।
হুইলচেয়ার হাতে পেয়ে আবেগতুষ্ট হয়ে পড়েন গৌড় চন্দ্র। বহুদিন পর চলাফেরার নতুন আশার আলো দেখায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয়দের সামনে তারেক খাঁনের প্রতি ধন্যবাদ জানান। উপস্থিত এলাকাবাসীরাও তারেক খাঁনের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেন।
একই সময় উপস্থিতরা তাদের দীর্ঘদিনের এক সমস্যাও তুলে ধরেন—গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার অংশ বহুদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের দুর্ভোগ শুনে তারেক খাঁন ব্যক্তিগত অর্থায়নে সেই রাস্তা দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দেন।
এলাকাবাসী মনে করেন, এক অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। তারা আশা প্রকাশ করেন, এমন ধরনের মানবিক কাজ সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও মানুষদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।
স্থানীয়রা বলছেন, ছোট এই সহায়তা গৌড় চন্দ্রের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনবে—স্বাধীনভাবে চলাচল, চিকিৎসা বা বাজারে যাওয়া ইত্যাদি সহজ হবে। এমন নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবন পাওয়ার প্রত্যাশাই এলাকার প্রত্যাশা ও আবেদনকে আরও শক্ত করে তুলেছে।