শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া পরিচয় ও ভয়ভীতি দেখিয়ে প্রতারণা: আইএসপিআরের সতর্কতা

বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, কিছু প্রতারক চক্র সোশাল মিডিয়া ও ফোনকলের মাধ্যমে সেনা কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে ও প্রতারণার চেষ্টা করছে। সম্প্রতি এসব প্রতারকের খপ্পরে পড়ে অনেকই বিভ্রান্ত হচ্ছে।

সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা ডিজিএফআই, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ করছে। প্রতারকেরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে প্রোফাইল তৈরি করছে। এরপর এই ভুয়া পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সেনাবাহিনী স্পষ্ট করেছে যে, তাদের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কেউ ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করে না। যদি কেউ এই ধরনের ফোন বা বার্তার মাধ্যমে ভয় দেখায় বা কোনও সুবিধা বা আর্থিক সাহায্য চাইতে থাকে, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট নম্বরটি নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছেন।

সাধারণ জনগণকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও, প্রতারকদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সবাইকে সচেতন থাকতে এবং সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন