এক দশকের দীর্ঘ প্রতীক্ষা ও কারিগরি প্রস্তুতির পর অবশেষে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হলো। এই প্রক্রিয়া শুরু করতে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশের জন্য প্রয়োজনীয় সকল সুরক্ষা ও প্রযুক্তিগত শর্ত পূরণ করে প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছে কর্তৃপক্ষ। এর আগে ১৬ এপ্রিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অনুযায়ী একাধিক সময়সীমা পরিবর্তনের পরে প্রথম ইউনিটের জন্য এই কার্যক্রম অনুমোদিত হয়। এই মুহূর্তে বাংলাদেশ পারমাণবিক শক্তি উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে।